নিরাপদে সাজেক ছাড়লেন ৩ হাজারের বেশি পর্যটক
খাগড়াছড়ি প্রতিনিধি
সাজেক থেকে নিরাপদে খাগড়াছড়িতে ফিরেছেন তিন হাজারের বেশি পর্যটক। বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় ছোট-বড় প্রায় দেড় শতাধিক যানবাহনে করে তারা খাগড়াছড়ি শহরে পৌঁছান।
অবরোধের প্রথম দিন হওয়ায় পথে বিভিন্ন স্থানে বাধার আশঙ্কা থাকলেও সেনাবাহিনীর স্কটে পর্যটকদের বহনকারী যানবাহনগুলো নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে। পরে পর্যটকরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য বাসসহ বিভিন্ন যানবাহনে করে খাগড়াছড়ি ছেড়ে যান।
সাজেক কাউন্টার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে ছোট-বড় মিলিয়ে শতাধিক যানবাহন সাজেক থেকে সেনাবাহিনীর নিরাপত্তা স্কটে খাগড়াছড়িতে পৌঁছেছে।
সাজেক কাউন্টারের আরিফুল ইসলাম বলেন, বারবার অবরোধের কারণে সাজেকের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ফিরে আসা পর্যটকরা জানান, অবরোধকে ঘিরে তাদের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও সেনাবাহিনীর নিরাপত্তায় তারা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন। এখন তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য, তিন দফা দাবিতে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার নামের দুটি সংগঠন অনির্দিষ্টকালের জন্য ফের অবরোধের ডাক দিয়েছে।
