নুসুক কার্ড সম্পর্কে হজযাত্রীদের জানা কেন জরুরি?

অনলাইন ডেস্ক

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের পবিত্র হজ। মক্কায় সমবেত হতে যাওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জন্য সৌদি সরকার এবার ‘নুসুক কার্ড’ বহন করা বাধ্যতামূলক করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত প্রত্যেক হজযাত্রীর কাছে এই স্মার্ট আইডি কার্ড থাকা এখন থেকে আর কেবল আনুষ্ঠানিকতা নয় বরং আইনি বাধ্যবাধকতা। এই কার্ড ছাড়া পবিত্র মক্কায় প্রবেশ কিংবা কোনো ধরনের সেবাপ্রাপ্তি অসম্ভব হয়ে পড়বে।

নুসুক কার্ড মূলত একটি ডিজিটাল এবং ফিজিক্যাল স্মার্ট ডকুমেন্ট যা একজন হজযাত্রীর সামগ্রিক তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। এতে হজযাত্রীর ব্যক্তিগত পরিচিতি ছাড়াও চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং আবাসনের ঠিকানা সংরক্ষিত থাকে। বিশেষ করে মিনা, আরাফাত এবং মুজদালিফাহর মতো পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য এটিই হবে প্রধান চাবিকাঠি। ভিড়ের মধ্যে কোনো হজযাত্রী দলছুট হয়ে গেলে কিংবা অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ এই কার্ড স্ক্যান করেই দ্রুত তার সঠিক অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। এছাড়া যাতায়াতের জন্য নির্ধারিত বাসে ওঠানামা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিতে এই কার্ড নিয়মিত প্রদর্শন করতে হবে।

হজযাত্রীরা তাদের শারীরিক কার্ডের পাশাপাশি ডিজিটাল সংস্করণও ব্যবহার করতে পারবেন। সাধারণ হজযাত্রীদের জন্য নুসুক অ্যাপ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের জন্য তাওয়াক্কালনা অ্যাপে এই ডিজিটাল কার্ড পাওয়া যাবে। কোনো কারণে কার্ডটি হারিয়ে গেলে বিচলিত না হয়ে দ্রুত নিজ কাফেলার নেতা বা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ১৯ ৬৬ নম্বরে কল করে অথবা সরাসরি নুসুক কেয়ার সেন্টারে গিয়েও নতুন কার্ডের আবেদন করা যাবে।

সৌদি প্রশাসন মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। চলতি বছরের ১৩ এপ্রিল থেকে বৈধ অনুমতিপত্র ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আগামী ১৮ এপ্রিলের মধ্যে ওমরাহ ভিসা সম্পন্নকারীদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং ৩১ মে পর্যন্ত ওমরাহ পারমিট ইস্যু বন্ধ থাকবে।

নিয়ম অনুযায়ী, হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা নিয়ে হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। নিরাপদ ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে এই নুসুক কার্ড সবসময় সাথে রাখার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights