নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ইউপি সদস্য নির্বাচনে প্রার্থীর সমর্থক হওয়ার জেরে ২০১২ সালে কৃষক রফিক হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দায়রা জজ আদালত।
রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে দায়রা জজের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। তাদের প্রত্যেককে যাবজ্জীবনসহ ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ইসমাইল (৩৩), কাজল মিয়া (৩০), মজিবুর রহমান (২৭), আশ্রব আলী (২৭), ছামেদুল (৩২), শাহজাহান (২৮), নজরুল (২৮) ও নুরুল আমিন (৪৫)।
দীর্ঘ এক যুগ ধরে চলমান তদন্তে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অপরাধ প্রমাণিত হওয়ায় একই মামলায় বস্তায় ভরে রাখায় (২০১ ধারায়) দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫ বছর করে সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে জেল প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালে স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মো. হাবিবুরের সমর্থক হওয়াকে কেন্দ্র করে পরাজিত তোতা মেম্বারের সমর্থকদের সাথে দুর্গাপুরের নন্দেরছটি গ্রামের মো. আ. মোতালেবের ছেলে মো. আ. রফিক ওরফে রহিতের (২৮) তর্ক-বিতর্ক হয়।
এর জেরে ওই সালের ২৪ জানুয়ারি বোরো জমিতে সেচ দিতে গিয়ে আর বাড়ি ফিরে না আসলে পরদিন ভোরে চিনাকুড়ি বিলে তোতা মেম্বারের রোপিত জমিতে পাটের বস্তায় রহিতের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রহিতের বাবা মো. আ. মোতালেব বাদী হয়ে ১৪ জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্ত শেষে ২০১৭ সালের ১৭ জানুয়ারি পুলিশ মামলায় মোট ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এর মাঝে আসামিরা জামিন নিয়ে বের হন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার হাজিরা দিতে আসলে তাদের উপস্থিতিতে আনীত অভিযোগ প্রামাণিত হলে এই রায় প্রদান করেন বিচারক।
