নেত্রকোনায় পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে-কমছে, বন্যার আশঙ্কা নেই

নেত্রকোনা প্রতিনিধি

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টি কমে রোদ উঠলেই পানির স্তর নেমে যাচ্ছে। এভাবে পানি বাড়া-কমার ধারাবাহিকতায় সীমান্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি গ্রামীণ সড়ক দুই দফায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার ভারী বৃষ্টিতে সোমেশ্বরী নদীর শাখা কলমাকান্দার উপদাখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছিল। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার পর্যবেক্ষণে কলমাকান্দা স্টেশনে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগের দিন বুধবার পানির স্তর ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে।

একই চিত্র দেখা যাচ্ছে জেলার অন্যান্য নদীতেও। মগড়া নদীর আটপাড়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং খালিয়াজুরীর ধনু নদীতে বিপৎসীমার ১ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া কংশ নদীর জারিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ১৮ মিটার নিচে এবং দুর্গাপুরের বিজয়পুর স্টেশনে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৮০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, জেলার কোথাও তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights