নেত্রকোনায় ভারতীয় ৪৫টি টায়ার জব্দ, চালক আটক
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেলের ৪৫টি টায়ার জব্দ করেছে পুলিশ। এ সময় টায়ার বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের নৈহাটি বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এসব টায়ার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামারজানি বলরামপুর গ্রামের আকিকুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে ভারতীয় এমআরএফ কোম্পানির মোটরসাইকেলের টায়ার নেত্রকোনার দিকে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন নৈহাটি বাজার এলাকায় গাড়িটির গতিরোধ করে। পরে খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ার, সিএনজিচালিত অটোরিকশা ও চালককে থানায় নিয়ে আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, উদ্ধার হওয়া টায়ারের মধ্যে মোটরসাইকেলের ৪২টি এবং সিএনজিচালিত অটোরিকশার ৩টি টায়ার রয়েছে। জব্দ করা হয়েছে টায়ার বহনকারী সিএনজিটিও। প্রতিটি মোটরসাইকেলের টায়ারের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, তার কাছে মোট ৮০টি টায়ার ছিল। স্থানীয়রা আটকের সময় ৩৫টি টায়ার নিয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং টায়ার পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
