আর্সেনালকে হতাশ করে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

অনলাইন ভার্সন

আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মধ্যেও রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। বরং নতুন কোচ হোসে মরিনিয়োর পরিকল্পনায় তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

স্কাই স্পোর্টস নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুসকে বিক্রির কোনো পরিকল্পনা নেই রিয়াল মাদ্রিদের। ক্লাবটি তার সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করার ব্যাপারেও আশাবাদী।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে রিয়াল। এ সপ্তাহেই খেলোয়াড়টির প্রতিনিধিদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের নতুন দফার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে আগ্রহী। প্রায় ১৩৭ মিলিয়ন পাউন্ড বাজারমূল্যের এই তারকাকে কোনো অবস্থাতেই ফ্রি এজেন্ট হিসেবে হারাতে চায় না স্প্যানিশ জায়ান্টরা।

ভিনিসিয়ুসের চুক্তির পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খুঁজছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় শক্তি বাড়াতে বিশ্বমানের একজন আক্রমণভাগের খেলোয়াড়কে দলে টানতে চেয়েছিলেন কোচ মিকেল আর্তেতা। তবে রিয়ালের দৃঢ় অবস্থানের কারণে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

সম্প্রতি ভিনিসিয়ুসকে ঘিরে চুক্তি নবায়ন, বেতন বৃদ্ধি এবং সম্ভাব্য দলবদলের নানা গুঞ্জন ছড়ালেও তিনি রিয়াল ছাড়তে চান, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি।

সূত্র: স্কাই স্পোর্টস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights