নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শহরের পৌরসভার সামনের সড়কে শনিবার বেলা ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তরা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ৬ বছর পেরিয়ে গেলেও সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে অধ্যাবদি কলেজের জন্য কোনও জায়গা নির্ধারণ করা হয়নি। ফলে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মিত না হওয়ায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে কলেজটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

তাই আর কাল বিলম্ব না করে দ্রুত মেডিকেল কলেজটি নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব উদ্দিন আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ও খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কলেজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকট দেখিয়ে বর্তমানে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে। কাজেই যারা এই কালক্ষেপণ করে অর্থ আত্মসাৎ করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় এনে জেলা শহরের প্রধান সড়কের পাশে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রুত নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষার অনুকুল পরিবেশ গড়ে তোলার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights