নোবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নোবিপ্রবি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম।
নোবিপ্রবি আইকিউএসি “নেভিগেটিং কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যান্ড সফ্ট স্কিল ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন: উইথ রেফারেন্স টু এপিএ” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর এবং সেল পরিচালকবৃন্দসহ এপিএ মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (আইআইটি) পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
