নোবিপ্রবির প্রধান ফটকে তালা, শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে দাবি আদায়ে শিক্ষার্থীরা বিশ্বাবিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়। এরপর প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নেয়।

রবিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। ডিগ্রি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫৭ দিন ধরে অচলাবস্থায় রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগে।

জানা যায়, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ হতে উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা চাকরি ক্ষেত্রে বৈষম্য ও যথাযথ চাকরি না পাওয়ায় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নাম করণের দাবিতে সম্প্রতি নোবিপ্রবির ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, শিক্ষার্থীরা বেশ কিছু দিন আগে (বিএমএস) নাম অপরিবর্তিত রেখে ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে আবেদন করে। এই জন্য আমাদের একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের কমিটি থেকে আমরা একটা সুপারিশ করেছি। আমাদের সিদ্ধান্ত ছিল সুপারিশগুলো ইউজিসিতে সিদ্ধান্তের জন্য প্রেরণ করব। পরে ইউজিসিতে একটি চিঠি পাঠানো হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, আমরা পূর্বে ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছিলাম। শিক্ষার্থীরা সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী নতুন একটি চিঠি ইউজিসিতে পাঠাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights