নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, নির্যাতনের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে আলাইয়ারপুরের মিয়াপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঝুলন্ত অবস্থায় এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার তামান্না (২৬)।
এদিকে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মধ্যম জিরতলী গ্রামের তামান্নার সাথে সাহাবুদ্দিনের বিয়ে হয়। তাদের পরিবারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে স্ত্রীকে স্বামী ও তার পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন একই কায়দায় তাকে মারধর করা হয়। পরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে নির্যাতন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
