নোয়াখালীতে বিএনপির পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহরে বিএনপির সমাবেশকে সামনে রেখে পুলিশ গ্রেফতারের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মী আলা উদ্দিন ভুঁইয়া, মো. নোমান, দুলাল, সজিব ও নূর উদ্দিনসহ ২০ জন।

সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ বিএনপির ৬ নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, সরকার পুলিশের মাধ্যমে আতঙ্ক তৈরি করে সমাবেশ বানচাল করতে চায়। সমাবেশ সামনে রেখে আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের সংখ্যা বাড়তে পারে বলেও মন্তব্য করেন এই নেতা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

ডিএসবির প্রধান জিয়া মো. মোস্তাফিজ মিয়া বলেন, শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights