নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে গুলি করে হত্যা, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের শহিদুজ্জামান প্রকাশ পলাশ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আহছান উল্যা ওরপে কল্যা হাছান, আকবর হোসেন সোহেল ও মো. মরিজ।

শনিবার রাতে নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রবিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছে।

নোয়াখালী-২ আসনের কাঁচি প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক জানান, নিহত পলাশ তার এজেন্ট ছিলেন এবং তার পক্ষে কাজ করতেন। নির্বাচনের পর সোনাইমুড়ি সেনবাগের বিভিন্ন নেতাকর্মীদের হুমকি দিচ্ছে ও হামলার চেষ্টা করছে প্রতিপক্ষরা।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের সার্বিক নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাটেশ্বর এলাকা হতে তিনজনকে গ্রেফতার করেছে।

আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসায় তারা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর যোগসাজশে গুলি করে হত্যা করেছে তারা। তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights