পবিত্র রমজান উপলক্ষে শারজাহ চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক দাতব্য সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এর বাংলাদেশ অফিসের মাধ্যমে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার ১০০টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টরসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, খেজুর ২ কেজি, ছোলা ১ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি ও লবণ ২ কেজি- যা রমজান মাসে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ও উপকারভোগী জনগণ উক্ত সংস্থা এবং আমিরাতের জনগণের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
