পরাজিত হলেও এলাকার উন্নয়নে বিজয়ীর সঙ্গে কাজ করব: হাবিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকার উন্নয়নের স্বার্থে বিজয়ী প্রার্থীর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবোতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রশিদ হাবিব এ কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে আমাদের ঢাকা-৯ আসনে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কারও বিরুদ্ধে অভিযোগ তুলেননি। সবাই এই এলাকার উন্নয়ন চায়।’

তিনি আরও বলেন, ‘যদি আমি বিজয়ী না-ও হই, তবুও যে প্রার্থী বিজয়ী হবেন তার কাছে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলব।’

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই এলাকায় ৩৮ বছর ধরে রাজনীতি করছি। এলাকার ভোটাররা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে অবগত। তারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে অবশ্যই ভোট দেবেন।’ তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

অপর এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মধ্যে যারা বিগত ফ্যাসিবাদী আমলে কোনো অপকর্মে জড়িত ছিলেন না, তারাও ভোটকেন্দ্রে আসছেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং জনগণের রায়ই চূড়ান্তভাবে প্রতিফলিত হবে।’

এর আগে, দুপুরে ঢাকা-৯ আসনে মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন হাবিবুর রশিদ হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights