পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ বান্ধব নীতিমালা তৈরি করবো: পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জাতীয় পর্যটন কাউন্সিলের সভা প্রতি ছয় মাস পর করার জন্য প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো। আপনাদের জন্য পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ বান্ধব নীতিমালা তৈরি করবো আমরা। তাছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের জনবল বৃদ্ধি করা হবে। সকলের সহযোগিতায় দেশীয় জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান ১০ শতাংশ পর্যন্ত অদূর ভবিষ্যতে পৌঁছাবে বলে আশা রাখি।

আজ বৃহস্পতিবার সকালে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে ট্যুরিজম হাবে রূপান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা দূর করার জন্য কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছি। আমরা জাতীয় পর্যটন নীতিমালা, ২০২৬ প্রণয়ন করছি। পর্যটন স্পট উন্নয়নে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবো এবং তা বাস্তবায়ন করবো। তবে পর্যটন খাতের অগ্রযাত্রায় বেসরকারি অংশীজনকেই এগিয়ে আসতে হবে।

সচিব ফাহমিদা আখতা বলেন, এবছর এডিপিতে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। বিগত সময়ে সমন্বয়হীনতার কারণে অগ্রগতি হয়নি এখাতে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য রেখে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights