পাংশায় চালকদের নিয়ে আওয়ামী লীগের জনসভা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশাতে ব্যাটারি চালিত ভ্যান, নছিমন ও ইজিবাইক চালকদের নিয়ে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে পাংশা সরকারি কলেজ মাঠে পাংশা ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই উপজেলার ১২ হাজার চালক নিয়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় আসা চালকদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এছাড়া সকল চালকদের একটি করে ফলজ গাছ উপহার দেওয়া হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, রাজবাড়ীতে এই জনসভাটি ব্যতিক্রম। ভ্যান, নছিমন ও ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের নিয়ে এই জনসভা আওয়ামী লীগের জন্য মডেল। সব চালকেরা একত্রিত হয়েছেন। কুশল বিনিময় করেছেন। দুপুরে সবাই একসাথে খাবার খাচ্ছেন। সবাই একটি করে গাছ উপহার পাচ্ছেন। এই আয়োজন সত্যি প্রশংসার। অন্যান্য জেলার জন্য এই জনসভা দৃষ্টান্ত হতে পারে।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। জনসভায় অংশ নেওয়া বেশ কয়েকজন ভ্যান চালক বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান সরকারের সময় অনেক উন্নয়ন হয়েছে। আমরা বর্তমানে গাড়ি চালিয়ে শান্তিতে আছি।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় জনসভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল হক রেজা বক্তব্য রাখেন।

জনসভার পূর্বে পবিত্র আশুরা উপলক্ষে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights