পাওনা টাকা চাওয়ায় দ্য ডেইলি বাংলা স্কাই পত্রিকার সম্পাদককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি!
ক্রাইম রিপোর্টার।। ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্য ডেইলি বাংলা স্কাই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মানহানিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম রিপন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. নেয়ামুল হোসেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য খামারিদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা করে আসছেন। এ সুবাদে আফিফা অ্যাগ্রো ও শহিদুল অ্যাগ্রোর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম রিপন, পিতা—মরহুম মর্কেদুর আহমদ, গ্রাম—প্রজেক্ট বাজার, বাঁশখালী, ৫ নম্বর ওসমানপুর, মীরসরাই, চট্টগ্রামের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে।
নেয়ামুল হোসেনের দাবি, ২০২৪ সাল থেকে তাঁরা মৎস্য চাষের বিভিন্ন উপকরণ নগদ ও বাকিতে ক্রয়-বিক্রয়ের ব্যবসায় যুক্ত ছিলেন। এ ব্যবসার সূত্রে শহিদুল ইসলাম রিপনের কাছে তাঁর ১ লাখ ৩১ হাজার টাকা পাওনা রয়েছে। এ ছাড়া রিপন তাঁর কাছ থেকে নগদ আরও ১ লাখ টাকা ধার নেন। সব মিলিয়ে তাঁর মোট পাওনার পরিমাণ ২ লাখ ৩১ হাজার টাকা।
তিনি অভিযোগ করেন, গত তিন মাস ধরে পাওনা টাকা চাইলে শহিদুল ইসলাম রিপন আজ-কাল করে সময়ক্ষেপণ করছেন। এমনকি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর বাড়িতে গিয়েও সাক্ষাৎ সম্ভব হয়নি। মুহুরী প্রজেক্ট বাজারে তাঁর একটি অফিস থাকলেও তিনি দিনের বেলায় সেখানে অবস্থান করেন না বলে অভিযোগ করেন নেয়ামুল হোসেন।
এ অবস্থায় নেয়ামুল হোসেন স্থানীয় কয়েকজন বিশিষ্ট মৎস্য খামারিকে বিষয়টি জানান এবং তাঁর ম্যানেজার ফখরুল ইসলামকে অবহিত করেন। পরে ফখরুল ইসলাম শহিদুল ইসলাম রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি টাকা পরিশোধ করবেন বলে জানান। তবে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে নেয়ামুল হোসেন মুহুরী প্রজেক্ট বাজারে শহিদুল ইসলাম রিপনের অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পাওনা টাকার বিষয়টি উত্থাপন করলে রিপন উত্তেজিত হয়ে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করেন। একপর্যায়ে আবার টাকা চাইতে এলে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন নেয়ামুল হোসেন।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেয়ামুল হোসেন ওই দিন বিকেলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানান। এ সময় তাঁকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
পরে ২৪ অক্টোবর ২০২৬ তারিখে নেয়ামুল হোসেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
দ্য ডেইলি বাংলা স্কাই ঢাকা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র। পত্রিকাটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক মো. নেয়ামুল হোসেনের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম রিপনের ব্যবহৃত ০১৮১৪৩০৪৬১০ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
