পাবনায় বসতবাড়ি থেকে ৯৯ বস্তা সার উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার আমিনপুর থানার একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৯৯ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ) সার উদ্ধার করেছে পুলিশ। সার সংকটের সুযোগে অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে এসব সার মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ২টার দিকে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর শেখের বাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোয়ালিয়া এলাকায় একটি অসাধু চক্র কৃষি উপাদানের কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে বিক্রির পাঁয়তারা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালানো হয়। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বোয়ালিয়ার আকবর শেখের ঘরে তল্লাশি চালিয়ে ৯৯ বস্তা অবৈধ ড্যাপ সার জব্দ করে।

ঘটনার বিষয়ে এসআই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ৯৯ বস্তা ড্যাপ সার পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে। সার সংক্রান্ত বিষয়াদি ও সারের অপরাধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। তাই উদ্ধার করা সার তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারের পর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত সারগুলো স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জিন্নাহর জিম্মায় সাময়িকভাবে রাখা হয়েছে।
জিম্মাদার জহুরুল ইসলাম জিন্নাহ জানান, আকবর শেখের পরিবার দাবি করছে চাষাবাদের কাজের জন্যই নাকি তারা বাইরের এলাকা থেকে এই সার কিনে এনেছেন। কিন্তু তারা এই সার ক্রয়ের কোনো বৈধ রসিদ দেখাতে পারেননি। যেখানে সাধারণ কৃষকরা মাত্র এক বস্তা সারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, সেখানে একটি বসতবাড়িতে একশো বস্তা সার জমিয়ে রাখা সম্পূর্ণ সন্দেহজনক ও প্রশ্নবিদ্ধ।

সার্বিক পরিস্থিতি ও আইনগত ব্যবস্থার বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি। একটি বসত বাড়িতে সাধারণ গৃহস্থালির কাজের আড়ালে এত বিপুল পরিমাণ সার মজুত রাখা যায় কি না এবং তা স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা অবৈধ মজুতদারি আইন লঙ্ঘন করে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights