পারস্য উপসাগর ও হরমুজে ৭ জাহাজে ভয়াবহ হামলা ইরানের

অনলাইন ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে চারটি জাহাজে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে। এসব ঘটনায় জাহাজগুলোতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী এসব তথ্য জানায় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রেখেছে আইআরজিসি নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্ররোচনায় নৌ-চলাচলের নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি সামুদ্রিক কোম্পানিকে আগেই সতর্ক করা হয়েছিল। এরপর নিয়ম লঙ্ঘনকারী চারটি জাহাজ শনাক্ত করে সেগুলোর পিছু নেয় আইআরজিসি।

বাহিনীটির দাবি, পারস্য উপসাগরের উত্তর-মধ্যাঞ্চলে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের সময় চারটি জাহাজকে শনাক্ত করা হয়। পরে একই সময়ে সেগুলোতে হামলা চালানো হলে জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, গত রাতে হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি নিয়ম লঙ্ঘনকারী জাহাজ মাইন বিস্ফোরণের শিকার হয়। এতে সেগুলোতেও আগুন ধরে যায় এবং জাহাজগুলোর চলাচল বন্ধ হয়ে যায়।

আইআরজিসি নৌবাহিনীর অভিযোগ, যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে এমন একটি অননুমোদিত নৌপথ ব্যবহার করতে উৎসাহিত করছে, যেখানে মাইন পেতে রাখা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকায় সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায়, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংঘাতের পরিধি এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এর আগে, গত ৯ অক্টোবর আইআরজিসি জানিয়েছিল, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে তাদের পদক্ষেপ শুধু ওই প্রণালির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পুরো অঞ্চলজুড়ে ধাওয়া করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছিল বাহিনীটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights