পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের মরদেহ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে বাড়ি ফেরার পথে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি থেকে অন্যান্য যাত্রীরা সাতরে উঠতে পারলেও রিনা বেপারী (৪৫) ও তার মেয়ে অদ্রিতা বেপারী (৮) উঠতে পারেনি। পরে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
জেলার নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের বাসিন্দা শংকর বেপারী (৫০) তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে নাজিরপুর উপজেলায় পূজা মন্ডব দেখে বাড়ি ফিরছিলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী থেকে ট্রলারে করে নদীর ওপারে নেছারাবাদ উপজেলায় যাচ্ছিল যাত্রীরা। ফেরিঘাট এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে নদীতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু সন্তান নিয়ে উঠতে পারেনি রিনা বেপারি।
শংকর ব্যাপারী জানায় , পরিবারের সদস্যদের নিয়ে অষ্টমী পূজা দেখতে শ্রীরামকাঠী গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে ধরে রাখার চেষ্টা করেও পারেনি।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান ট্রলার দুর্ঘটনায় ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
