পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পুশইনের এক বছর পর চার ভারতীয় নাগরিককে অবশেষে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এ সময় সীমান্তে বিজিবি ও বিএসএফের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তবে ভারতীয় চার নাগরিককে হস্তান্তরের সময় তাদের ভিডিও নিতে সাংবাদিকদের বাধা দেয় বিজিবি।
গত বছরের জুন মাসে রংপুরের কোনো এক সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের পশ্চিমবাংলার বীরভূম জেলার মুরারই থানার দুজন নারী, দুজন শিশু ও দুজন পুরুষকে পুশইন করে বিএসএফ। পরে তারা দেশের বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেয়। পরে ২০ আগস্ট সদর থানা পুলিশ তাদের শহরের আলীনগর এলাকা থেকে আটক করে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কারাগারে পাঠায়। এ সময় ভারতীয় ৬ নাগরিককে বাংলাদেশে পুশইনের খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে ভারতের সুপ্রিম কোর্ট ২৬ সেপ্টেম্বর তাদের চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ আদালতে তাদের আইনজীবী বিষয়টি জানালে বিচারক ১২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মাদার ফারুক হোসেনের অনুকূলে তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশুসন্তানকে সোনামসজিদ দিয়ে গ্রহণ করে বিএসএফ। কিন্তু সোনালীর স্বামীকে তারা ফিরিয়ে দেয়। তখন থেকেই তারা ৪ জন বাংলাদেশে অবস্থান করছিল।
