পেকুয়ায় পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মিফতাহুল জান্নাত মিতু (৭) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। মিতু ওই এলাকার মো. আবু হানিফের কন্যা এবং এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মিতুর চাচা শওকত হোসাইন বিজয় জানান, মিতু বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তার বাবা আবু হানিফ নিজ পুকুর থেকে মিতুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “পুকুরটি কিছুদিন আগে খনন করা হয়েছিল। চলতি বোরো মৌসুমে সেচের পানি ঢুকে পুকুরটি একাকার হয়ে যায়। ধারণা করা হচ্ছে, খেলার সময় মিতু পুকুরে পা ধুতে গিয়ে পিছলে পানিতে পড়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়।”

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights