পেলের পর সর্বকনিষ্ঠ মোরা, ভাঙলেন ৯৬ বছরের রেকর্ড
অনলাইন ডেস্ক
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
মেক্সিকো সিটির ঐতিহাসিক ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দেন তিনি।
এর আগে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ড এবার ভাঙল।
শুধু জাতীয় দল নয়, বিশ্বকাপ ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলারদের একজন হয়ে উঠেছেন মোরা। সর্বকনিষ্ঠদের তালিকায় তিনি এখন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৩৫ দিন বয়সে অভিষেক করেছিলেন- মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনো রয়েছে নরমান হোয়াইটসাইডের দখলে। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।
তবে বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গত বছর মাত্র ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজের নাম তুললেন ইতিহাসের পাতায়।
