প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি ঘরে ও গরুর খামারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ও বিশ্বে জ্বালানি সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে গ্যাসের সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। বায়োগ্যাস উৎপাদন করে আশপাশের এলাকায় সরবরাহের মাধ্যমে যুবকেরা আয় করতে পারবেন। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকেরা কাজ করছেন। এ ছাড়া জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলাধুলার উপযোগী করা হবে, যাতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা যায়।

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবকদের দক্ষতা বাড়াতে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁদের এমন মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে দেশে-বিদেশে কাজের সুযোগ তৈরি হয়।

এর আগে প্রতিমন্ত্রী পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন। পরে নীলফামারী জেলার পাঁচজন উদ্যোক্তার মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য ঋণ বিতরণ করা হয়।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights