প্রতিপক্ষ দুর্বল, তবু কিংস আবাহনীর সমীকরণের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে ১৬তম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। একই দিনে দুই শিরোপাপ্রত্যাশী দল মাঠে নামবে। বসুন্ধরা কিংস অ্যারিনায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংস খেলবে পুলিশ এফসির বিপক্ষে। অন্যদিকে লিগে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী ও পিডব্লিউডি লড়বে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিংস ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩১ পয়েন্ট। শক্তির বিচারে দুটি দলেরই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার কথা। কিন্তু প্রতিপক্ষ দল দুটি পুলিশ ও পিডব্লিউডি বলে সমর্থকরা কিছুটা হলেও চিন্তায় থাকবে। বসুন্ধরা কিংস এবারের লিগে একমাত্র ম্যাচটি হেরেছে পুলিশের কাছে। অন্যদিকে লিগ না হলেও ফেডারেশন কাপে পিডব্লিউডির কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। কিংস ও আবাহনী দুই দল জিতে গেলে তো পয়েন্টের ব্যবধানে কোনো পরিবর্তন হবে না। কিংস জিতলে তাদের শিরোপার রাস্তাটা আরও সহজ হবে। তখন ১৫ মে আবাহনীর সঙ্গে ড্র করলে শেষের ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারালেই চ্যাম্পিয়ন। যদি আজ কিংস পয়েন্ট হারায় আর আবাহনী জিতে যায় তখন আবার হিসেবটা পাল্টে যাবে। আবাহনী তখন কিংসকে হারাতে পারলে এবং শেষ ম্যাচে আরামবাগের বিপক্ষে জিতলে তারাই শিরোপার হাসি হাসবে। আজ আবাহনী পয়েন্ট হারালে আর কিংস জিতলে তখন তো শুধু উৎসবটাই বাকি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights