চ্যাম্পিয়ন্স লিগ: পিছিয়ে পড়েও মিলানকে হারালো লিভারপুল

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত করেছে লিভারপুল। শুরুতে গোল হজমের পরও এসি মিলানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।

শুরুতেই দারুণ এক গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক। এরপরই ঘুরে দাঁড়ায় লিভারপুল। ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের হেডে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। বিরতির পর ব্যবধান বাড়ান দমিনিক সোবোসলাই।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিলান। মাঝমাঠ থেকে আলভারো মোরাতার বাড়ানো বল ধরে এগিয়ে বক্সে ঢুকে যান পুলিসিক। এরপর প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের সামনে দিয়েই ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন চেলসির সাবেক ফরোয়ার্ড।
লিভারপুল প্রথম সুযোগ পায় ম্যাচের সপ্তদশ মিনিটে। কিন্তু মোহামেদ সালাহর শট ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। স্লটের দল সমতায় ফেরে ২৩তম মিনিটে। বক্সের বাইরে বাম দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান কোনাতে।

এরপর ৪১তম এগিয়ে যায় লিভারপুল। সালাহর শটে কর্নার পায় লিভারপুল। উড়ে আসা বলে হেডে গোলটি করেন দীর্ঘদেহী ডাচ ডিফেন্ডার ফন ডাইক। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারতো। ডাচ ফরোয়ার্ড হাকপোর জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মাইক মিয়াঁ।

৬৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে লিভারপুলকে জয়ের পথে এগিয়ে নেন সোবোসলাই। বাম দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন হাকপো, ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জাল খুঁজে নেন হাঙ্গেরির অধিনায়ক। বাকি সময়ে একাধিক সুযোগ পেলেও আর গোলের দেখা পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights