প্রধান বিচারপতির উদ্যোগের প্রশংসা স্পেন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু।

সোমবার সুপ্রিম কোর্টে এসে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত।

সুপ্রিম কোর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশলতা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ এবং স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন।

স্পেন রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে স্পেন সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন রাষ্ট্রদূত। বিশেষ করে, বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি।

এছাড়া, বিচার বিভাগের আধুনিকায়ন ও বিচার বিভাগ পৃথকীকরণের প্রাতিষ্ঠানিকীকরণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights