প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ টিকে আছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মুন্সিগঞ্জ প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন জ্বালানির কারণে বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হবো। বুধবার দুপুরে মিরকাদিম পৌরসভা সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল তখন দেশের মানুষ ২০ থেকে ২২ ঘণ্টাও বিদ্যুৎ পাইনি। কিন্তু আমাদের সরকার বিগত সময়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ টিকে আছে। না হলে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো ভাগ্যবরণ করতে হতো আমাদের।
তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এমন ক্ষতি মহামারির সময়েও হয়নি।
প্রধানমন্ত্রী দেশের সকল নাগরিকের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন আর কেউ অনাহারে থাকে না।
সকল বয়সের মানুষের খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, খেলাধুলাই পারে শরীর ও মনকে চাঙা রাখতে। এছাড়াও মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
মিরকাদিম গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদ অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ, মিরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস ছালাম প্রমুখ।
