প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: গাজী সালাউদ্দিন তানভীরের ৩ দিনের রিমান্ড

বিশেষ প্রতিনিধি, বগুড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে তাকে এখনো থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে থানায় আনা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং কী কারণে তানভীর এ ধরনের মন্তব্য করেছেন, তা জানতে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে ওই দিন আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ৩১ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। ২০২৫ সালেও তাকে একবার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক নিয়োগ-বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগে প্রথম দফায় অব্যাহতি দেওয়ার পর পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights