প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আবারও অব্যাহতি দিল এনসিপি

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর বিষয়ে একটি ফেসবুক পোস্ট দেওয়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনসিপি জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

দল থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে ২০২৫ সালের এপ্রিলে সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে দলে ফেরার সাড়ে তিন মাসের মাথায় তিনি দ্বিতীয়বারের মতো সাময়িক অব্যাহতি পেলেন।

এদিকে দলীয় সিদ্ধান্ত প্রকাশের কাছাকাছি সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন তানভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights