প্রশান্ত মহাসাগরীয় নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছে তাইওয়ান

অনলাইন ডেস্ক

চলতি মাসে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের বার্ষিক সম্মেলনে তাইওয়ান অংশ নেবে বলে জানা গেছে। পালাউতে অনুষ্ঠেয় এই সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জোট।

গত বছর চীনের আপত্তির কারণে তাইওয়ানকে এই সম্মেলনে অংশ নিতে দেওয়া হয়নি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে ফিজিতে ১৮ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠক করে আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, চীন ও তাইওয়ান-দু’টিই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার।

ফোরামের মহাসচিব ব্যারন ওয়াকা সংবাদ সম্মেলনে বলেন, ‘তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তবে এটি আমাদের সংলাপের অংশীদার নয়। তারপরও ফোরাম পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ ও সহযোগিতা করে।’

আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সম্মেলনের আয়োজক পালাউ। দেশটি ছাড়াও টুভালু ও মার্শাল দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর মধ্যে রয়েছে। বর্তমানে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশের সংখ্যা ১২টি।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights