ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে নয়ন শেখ (২৫) নামের ঐ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক নয়নের বাড়ি রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে। সে ঐ গ্রামের লুৎফর শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও নয়নের কোন সন্ধান পাননি স্বজনেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, নয়ন ছেলেটি খুব ভালো ছিল। সে ভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতো। বৃহস্পতিবার বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নয়নের লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনিয়ে নিতে নয়নকে গলাকেটে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights