ফুটবলে ইসরায়েলকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
অনলাইন ডেস্ক
জার্মানির বার্লিনে বিশেষ অলিম্পিকে সাফল্য পেল বাংলাদেশের মেয়েরা। অলিম্পিকের ৭ম দিনে বৃষ্টিস্নাত দিনে লেভেল থ্রি’র সেভেন-এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে স্বর্ণ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালের এই ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের মেয়েদের চাপে রাখে শক্ত প্রতিপক্ষ ইসরায়েল। খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যুহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময় খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। মনোবলে চিড় ধরে ইসরায়েলের নারী ফুটবল দলের। এই অর্ধেই নিখুত পাসে দ্বিতীয় গোলও আদায় করে নেয় বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় পরম আরাধ্য সেই স্বর্ণ।
ফুটবলে বাংলার মেয়েদের জয়ের দিনে অ্যাথলেটিক্সের দীর্ঘ জাম্পে সোনার পদক জেতেন লেভেল বি এর ফাইনাল প্লাস ও ওয়ান বিশেষ অ্যাথলেট রবিউল হক। এমন অর্জনে খুশি তার কোচ ও সংশ্লিষ্টরা।
