ফুলবাড়ীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: ০২.০৪.২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল দশটায় উপজেলার ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিঞা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, শূরা সদস্য মোঃ রফিকুল ইসলাম, শিমুলবাড়ি ইউনিয়নের আমির মাওলানা মোঃ শেফায়েশ হোসেন, ভাঙ্গামোড় ইউনিয়ন আমির আব্দুস সাত্তার সাজুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের আশা ব্যক্ত করে কর্মীদেরকে ভোটারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীদেরকে অনলাইনে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, প্রতিটি পদক্ষেপের জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যোগাযোগ রক্ষা করতে হবে। যেকোন সমস্যা এবং সমাধানের জন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নিকট পরামর্শ করতে হবে। এছাড়াও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হলে তাদের সাথেও কাজ করতে হবে।
