ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর (৪৬) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাক চালকও আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। আহত ট্রাক চালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, এসআরবির একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামার সংকেত দেয়। এসময় ট্রাকটি না থামিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তার বামপাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায়।

৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় এসআরবি সদস্য মো. আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করে। আহত সজিব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights