ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

তুহিন হাওলাদার

রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন সাংবাদিকদের বলেন, হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে অর্থ পাচার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিমে রাস্তায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছিলেন। অভিযোগ অনুসারে, আসামিদের নির্দেশে ও উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। এতে আন্দোলনকারী আ. জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর জখম হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া আসামি দিলীপ কুমারকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য আসামির তথ্য সংগ্রহ ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন ও শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় আসামি দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ পদপ্রার্থী। ঘটনার দিন তিনি অন্যান্য আসামির সঙ্গে সরাসরি উপস্থিত ছিলেন বলে প্রাথমিক তথ্যে প্রমাণ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights