‘ফ্যাসিস্ট সরকার সাতক্ষীরায় জামায়াতের ৩৬ নেতা-কর্মীকে ক্রসফায়ার দিয়েছে’

সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের ৩৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয় শতাধিক মামলায় লক্ষাধিক নেতা-কর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তিন শতাধিক বাড়ি-ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে আজ বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন জেলা জামায়াতের আমির ডা: শফিকুর রহমান মুকুল।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল আরো বলেন, ছাত্র জনতার সফল অভ্যুথানের মাধ্যমে বিগত ৫ আগস্ট দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এরপর নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অন্তরবর্তীকালীন সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে জেলা আমির আরো বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদি সরকার জগদ্দল পাথরের মত জাতির ঘাড়ে চেপে বসেছিল। এ সময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তীতে আমৃত্যু জেল এবং কারাগারেই তাকে শাহাদাতবরণ করতে হয়েছে। দেশব্যাপী গণহত্যা, খুন, গুম, আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ঠা দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুয়েমী, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান মুকুল সাংবাদিক সম্মেলনে আরো বলেন তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ এবং মোসলেমা আদর্শ একাডেমির ময়দানে রুকন (সদস্য) সম্মেলন হবে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে জেলা জামাতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুব আলম, শহর আমির জাহিদুল ইসলাম,শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights