ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে বাংলাদেশি পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুলের উপস্থাপনায় এবং প্রেসক্লাব সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ইফতার মাহফিলটি পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়।
উপস্থিত কমিউনিটি নেতারা ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের এ ইফতার মাহফিলকে নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাস জীবনে সাংবাদিকতা এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে প্রবাসে শত সীমাবদ্ধতারমধ্যে ও দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।
