ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন

স্পোর্টস ডেস্ক

কঠিন পথ পেরিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া সুইডেনের সামনে এবার বড় পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স। তবে অতীতে বড় আসরে ফরাসিদের হারানোর অভিজ্ঞতা থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সুইডেনের সহকারী কোচ সেবাস্তিয়ান লারসন।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের ফ্রান্স। অন্যদিকে তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইডেন।

বাছাইপর্বে প্লে-অফ উতরে বিশ্বকাপে আসা সুইডেন গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হারের পর চাপে পড়ে দলটি। শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে সুইডিশরা।

ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও নিজেদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লারসন।

তিনি বলেন,’ফ্রান্স সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় আছে। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফ্রান্সকে ২-০ গোলে হারানো সুইডেন দলের সদস্য ছিলেন লারসন। সেই ম্যাচে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন সাবেক এই মিডফিল্ডার। তার বিশ্বাস, অতীতের সেই স্মৃতি বর্তমান দলকেও অনুপ্রাণিত করবে।

লারসন বলেন,’আমরা আগেও বড় দলকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছি। সেই অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দেয়, আশা করি বর্তমান খেলোয়াড়দেরও দেবে। ফ্রান্স শক্তিশালী, কিন্তু তাদের হারানো অসম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights