ফ্রান্সে দাবানলের পর বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিপুল গোলাবারুদ

অনলাইন ডেস্ক

প্রলয়ংকরী দাবানলের করাল গ্রাসে ছারখার হয়ে গেছে দক্ষিণ ফ্রান্সের লোকালয়। তবে আগুনের এই ধ্বংসলীলার মাঝেই বেরিয়ে এসেছে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। দেশটির ল্য পোর্ঝ গ্রামে দাবানলের আগুনে শতবর্ষী বন জঙ্গল পুড়ে ছাই হওয়ার পর সন্ধান মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার প্রায় ৪০০টি তাজা বোমা ও গোলাবারুদের।

গেল প্রায় দশ দিন ধরে চলা আগুনে ল্য পোর্ঝের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্র তাপে এলাকাটিতে একের পর এক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মনে করা হলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মাটিতে পুঁতে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোনো গোলাবারুদ অতিরিক্ত গরমে বিস্ফোরিত হতে শুরু করেছিল।

উপজেলার মেয়র মার্সিয়াল জ্যানিনেত্তি এক সাক্ষাৎকারে জানান, আগুনের দ্বিতীয় রাতে অন্তত একশরও বেশি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যা যুদ্ধের ভয়াবহ স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছিল। মাটিতে যে এভাবে গোলাবারুদের স্তূপ ঢাকা পড়ে ছিল, তা স্থানীয় কর্তৃপক্ষের জানাই ছিল না। বিস্ফোরণের তীব্রতায় গোলা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি গোলা ঘরেও এসে আঘাত হানে।

ফ্রান্সের ফরাসি ও জার্মান সেনাদের ব্যবহৃত এসব গোলাবারুদের মধ্যে রয়েছে মর্টার শেল ও ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশিরভাগ এলাকা নিরাপদ ঘোষণা করায় বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে এখনো কিছু সমুদ্রসৈকত, ক্যাম্পসাইট এবং নির্দিষ্ট কিছু এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বন্ধ রাখা হয়েছে।

এই ভয়াবহ দাবানলে এলাকাটির অন্তত ১৮০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সম্প্রতি ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া এই দাবানলে তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের অন্যতম বৃহত্তম বন অগ্নিকাণ্ড হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights