বংশালে চুরি হওয়া ২৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর বংশালে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫৬ ভরি রূপা উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। সেইসঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম রুবেল দাস।

আজ সোমবার লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন।

তিনি বলেন, ‌গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে ১০টার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি বংশাল থানায় একটি মামলা হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বংশাল থানা পুলিশের একটি টিম হরিজন কলোনির অন্য একটি ঘর থেকে রুবেল দাসকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রূপা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার বাদীর শ্বাশুড়ি নিজের বলে শনাক্ত করেন এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান।

বংশাল থানার মামলায় গ্রেফতার রুবেল দাসকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights