বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক জাহাঙ্গীর আলম একজন সৎ, পরিশ্রমী ও মেধাবী শিক্ষক। পারিবারিক কলহের জেরে তার স্ত্রীর দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে কারাভোগ করতে হয়েছে এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে। তারা মামলাটির সুষ্ঠু তদন্ত করে শিক্ষক জাহাঙ্গীর আলমকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বেতন-ভাতাও স্থগিত রাখা হয়েছে।
