বড় ভাইয়ের পাশে চির নিদ্রায় শায়িত এমপি আব্দুল হাই
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই’র রাষ্ট্রীয় মার্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সযোগে মরদেহ ঝিনাইদহে আনা হয়। সকাল ১১ টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মরদেহ আনা হয়। সেখান থেকে শহরের আরাপপুরের বাড়িতে রাখা হয় প্রয়াত সংসদ সদস্যের মরদেহ। হাজারো মানুষ শেষবারের মত তাকে দেখতে ছুটে আসেন। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গার্ড অব অনার প্রদান করা হয়।
ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীরা জানাজায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাজা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি মহম্মদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তার বড় ভাইয়ের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই’র মৃত্যু হয়।
