বড়শিতে ধরা পড়লো সাড়ে ১৩ কেজি ওজনের চিতল মাছ
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বারনই নদে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে মাছটি ধরা পড়ে।
বিশাল আকৃতির এই চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বড় আকারের মাছটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।
জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল কলসি হালদারপাড়া গ্রামের এক জেলে টানা বড়শি জালে মাছটি ধরা পরে। পরে সোনাপাতিল চারমাথা মোড়ে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য ৮৫০ টাকা কেজি দরে ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন ব্যক্তি।
মাছটি দেখতে আসা স্থানীয় কয়েকজন বলেন, তাদের জীবনে বারনই নদীতে এত বড় চিতল মাছ তারা আগে দেখেননি।
