বদলগাছীতে বিএনপিতে যোগ দিল ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগদান করেছে। শনিবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাহাড়পুর আদিবাসী হাইস্কুল মাঠে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, রবিউল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে হুদা বাবুল বলেন, হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা এবং সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় তারেক রহমান দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতে হিন্দুদের ওপর হওয়া ভূমি দখলের বেশিরভাগ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতেই বিএনপি রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলেই দেশের সব মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
