বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু খুন, ৩ বাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে পূর্ব শত্রুতার জেরে বন্ধুদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বন্ধুর মৃত্যুর ঘটনায় তিন বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেজোড়া গ্রামের স্কুলপাড়া ও হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে, গত সোমবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬)। নিহত রেজাউল ইসলাম উপজেলার চকলোকমান দক্ষিণপাড়ার মৃত আব্দুল হামিদ আলীর ছেলে।
জানা গেছে, নিহত রেজাউল ইসলামের সাথে তার বন্ধু বেজোড়া স্কুলপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে আকরাম (৩০) ও রানা (২৫), বেজোড়া হিন্দুপাড়ার মৃত সজল দাসের ছেলে সজিব (২০), শুকুর আলীর ছেলে সুজন (২০), আব্দুর রশিদের ছেলে সুমন (২৫), কিনু মন্ডলের ছেলে সজিব (২২)-সহ কয়েকজনের সাথে বেশকিছু দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত ১১ নভেম্বর রাত ৮টার দিকে রেজাউল ইসলাম রনি তার সহযোগী নজরুল ইসলামকে সাথে নিয়ে বেজোড়া হিন্দুপাড়ায় এক ব্যক্তির কাছে জমির বায়না করতে যান।
পথিমধ্যে হিন্দুপাড়া বটতলা নামক স্থানে পৌঁছালে উল্লেখিত বন্ধুরা পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করে রেজাউল ও নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে রেজাউল ইসলামের মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রেজাউল ইসলামের মা রওশন আরা বাদী শাজাহানপুর থানায় অভিযোগ করেন।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে রেজাউল ইসলাম মারা যান। তার মৃত্যুর খবর জানাজানি হওয়ার পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত বন্ধুদের মধ্য থেকে রানা, সজিব ও সুমনের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, আগুনের ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তপূর্বক প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
