বরিশাল বোর্ডে পাসের হারে তলানিতে ঝালকাঠি

ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঝালকাঠি। এ জেলায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন মাত্র ৩৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন শিক্ষার্থী।

শনিবার বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলার ৪ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। তাঁদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন।

জিপিএ-৫ পাওয়া ৩৮ শিক্ষার্থীর মধ্যে ছয়জন ছেলে এবং ৩২ জন মেয়ে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে সবার ওপরে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া বরিশালে ৪৯ দশমিক ৯৫, বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪ এবং পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, ছয় জেলার মধ্যে সর্বনিম্ন ৩৭ দশমিক ০৯ শতাংশ পাসের হার ঝালকাঠিতে।

পরিসংখ্যান অনুযায়ী, পটুয়াখালীর তুলনায় ঝালকাঠির পাসের হার ১ দশমিক ৪২ শতাংশ পয়েন্ট এবং ভোলার তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কম।

এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজের মোট ১ লাখ ৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৪১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights