বরিশালে আওয়ামী লীগের সভায় নৌকাকে বিজয়ী করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার আহবান জানিয়েছেন নেতারা। মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে নগরীর সোনালী আইসক্রিম মোড় এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভার বক্তব্যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, গত ৬ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জাতীয় নির্বাচনে বিজয়লাভ করার নির্দেশনা দিয়েছেন। কোনও বিভেদ নয়, ঐক্যবব্ধভাবে বিরোধী দল মোকাবেলা করে নির্বাচনে জয়লাভের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। সভার শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
