বর্ষার ফুলে মুগ্ধতা
নজরুল মৃধা, রংপুর
রংপুরের চারদিকে এখন মুগ্ধতা ছড়াচ্ছে বর্ষার ফুল। প্রকৃতিতে শোভা পাচ্ছে কদম, জুঁই, চামেলি, বকুল, কামিনী, স্বর্ণচাঁপা, স্কারলেট কার্ডিয়া, কুরচি, জারুল, রক্তজবা, ক্যালিয়েন্ড্রা, অ্যালামান্ডা, টগর, মুসান্ডা, বেলি, শ্বেতকাঞ্চন, হাসনাহেনা, স্পাইডার লিলি, বোতাম ফুল, নয়নতারা, সন্ধ্যামালতী, কলাবতীসহ নানা দেশিবিদেশি ফুল। এসব ফুল সারা বছর দেখা গেলেও এদের মূল অবলম্বন এই বর্ষা। বর্ষায় এসব ফুল প্রকৃতিতে নিজেদের মেলে ধরে। রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কারমাইকেল কলেজ, চিকলি বিলপাড়ের বিভিন্ন স্থানে এসব ফুলের দেখা মেলে। অনেকেই এসব ফুলের মুগ্ধতা উপভোগ করতে চলে যান বেরোবি ক্যাম্পাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাগানে। বাংলা একাডেমির সহপরিচালক এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, শুধু বর্ষার মেঘ দেখে নয়, তার সঙ্গে প্রকৃতির রূপ আর মধুগন্ধী ফুলের সুবাস ছিল বলেই বোধ হয় নববর্ষায় কালিদাস মন উদাসী হয়ে উঠেছিল। আর সে হাওয়ায় কবি কালিদাস বা রবীন্দ্রনাথ শুধু নন; দুপয়সার কেরানি কেষ্ট দাসের মনও উড়ু-উড়ু। মেঘের ডাকে মনে বাজে ঢাক গুড়গুড়। বর্ষামঙ্গল কাব্যের ভাষায় সে তার প্রেমিকাকে বলে- ‘বর্ষা শুধু প্রেমের ঋতু কেন, ফুলেরও ঋতু। আর ফুল ও প্রেম তো সমার্থক, অবিচ্ছেদ্য।’
