বসুন্ধরা সিটি শপিং মলে চলছে জমজমাট ব্র্যান্ড উৎসব
নিজস্ব প্রতিবেদক
দেশি-বিদেশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড পসরা সাজিয়ে বসেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। এসব ব্র্যান্ডের বিশেষ স্টলে মিলছে আকর্ষণীয় ছাড়, নতুন পণ্যের প্রদর্শনী এবং সরাসরি ব্র্যান্ড অভিজ্ঞতার সুযোগ। বসুন্ধরা সিটি শপিং মলে এখন চলছে এক জমজমাট ব্র্যান্ড উৎসব। ব্যতিক্রমী এই উৎসব এরই মধ্যে ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বসুন্ধরা শপিং মলের আট্রিয়ামে প্রবেশ করতেই চোখে পড়বে নান্দনিক সাজে সজ্জিত বিভিন্ন ব্র্যান্ডের স্টলের সারি। কোথাও নতুন ফ্যাশন কালেকশন, কোথাও প্রযুক্তিপণ্য, আবার কোথাও লাইফস্টাইল সামগ্রীর প্রদর্শনী। অনেক স্টলে আছে বিশেষ অফার। কেনাকাটার পাশাপাশি সরাসরি ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
ব্র্যান্ড উৎসবে আসা বুশরা মাহজাবিন নামের এক ক্রেতা বলেন, এবারের ঈদ আয়োজনে বসুন্ধরা সিটির ব্র্যান্ড উৎসব দৃষ্টি কেড়েছে। সাধারণত একই ছাদের নিচে একসঙ্গে এত ব্র্যান্ডের নতুন পণ্য দেখার সুযোগ খুব একটা মেলে না। আর বিশেষ ছাড় থাকায় কেনাকাটাও সাশ্রয়ী হচ্ছে। পরিবেশটাও বেশ প্রাণবন্ত। ক্রেতাদের সঙ্গে বিক্রেতারাও সন্তুষ্ট এই বর্ণাঢ্য আয়োজনে। একটি লাইফস্টাইল ব্র্যান্ডের স্টল ব্যবস্থাপক বলেন, ঈদে এমনিতেই ক্রেতার ভিড় থাকে এই শপিং মলে, এবার ব্যতিক্রমী এই আয়োজনটি ঘিরে ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে তরুণ-তরুণীরা ঈদের নতুন পোশাক ও পণ্য দেখতে ভিড় জমাচ্ছেন। বিক্রিও হচ্ছে সন্তোষজনক।
বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য নতুনত্ব ও মানসম্পন্ন আয়োজন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আট্রিয়ামে আয়োজিত এই বিশেষ স্টল কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। সব মিলে ব্র্যান্ড ও ক্রেতাদের সরাসরি সংযোগের এই উদ্যোগ রাজধানীর শপিং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। আবার ঈদের কেনাকাটার পাশাপাশি আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় দর্শনার্থীদের কাছে এটি হয়ে উঠেছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে বিকাশ, মায়া-স্কয়ার গ্রুপ, ফগ, হোন্ডা, মেহেদী বাই মিমসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ড।
